ভাবসম্প্রসারণ: দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ
ব্যক্তির একক শক্তির তুলনায় দলগত সম্মিলিত শক্তির ক্ষমতা অপরিসীম; দশের মিলিত প্রয়াসে যেকোনো কঠিন কাজ সহজে সম্পন্ন করা যায়।
একতাই বল—মানবইতিহাসের এক শাশ্বত সত্য। একটি কাঠি বা সুতোকে খুব সহজেই ভেঙে ফেলা যায়, কিন্তু বহু সুতো দিয়ে যখন একটি রশি তৈরি করা হয়, তখন তা মত্ত হাতিকেও বেঁধে রাখতে সক্ষম হয়। তেমনি কোনো মহৎ বা কঠিন কাজ একা করতে গেলে ব্যর্থতার সম্ভাবনা থাকে, কিন্তু দশজন মানুষ যখন কাঁধে কাঁধ মিলিয়ে আন্তরিকভাবে কাজ করে, তখন বড় কোনো বাধা তাদের আটকে রাখতে পারে না। এখানে পরাজয়ের কোনো লজ্জা নেই, কারণ সম্মিলিত প্রচেষ্টাই নতুন বিজয়ের সোপান তৈরি করে।
উক্তিটির অন্তর্নিহিত সত্য আত্মস্থ করে নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া প্রতিটি মানুষের একান্ত কর্তব্য।