ভাবসম্প্রসারণ: স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে? পশু সেই জন
স্বার্থপর ও দেশপ্রেমহীন মানুষ মানুষের অবয়ব ধারণ করলেও প্রকৃত প্রস্তাবে সে মনুষ্যত্বহীন ও পশুর সমতুল্য।
মানুষ কেবল নিজের জৈবিক ক্ষুধা নিবৃত্তির জন্য জন্মগ্রহণ করেনি। স্বদেশের আলো-বাতাস, জল ও ফলে লালিত হয়ে যে মানুষ সেই স্বদেশের প্রতি কৃতজ্ঞ থাকে না এবং দেশের কল্যাণে আত্মনিয়োগ করে না, সে মানুষ পদবাচ্য নয়। দেশপ্রেম মানুষের এক সুমহান ও শাশ্বত গুণ। যে ব্যক্তি দেশকে ভালোবাসতে পারে না, তার কোনো আত্মমর্যাদাবোধ থাকে না। তাই দেশমাতৃকার সেবায় আত্মোৎসর্গ করাই জীবনের শ্রেষ্ঠ সার্থকতা।
উক্তিটির অন্তর্নিহিত সত্য আত্মস্থ করে নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া প্রতিটি মানুষের একান্ত কর্তব্য।